দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতি শেষে ক্রিকেটের মক্কাখ্যাত ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের মে-জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বৃহস্পতিবার (২৪ জুলাই) আগামী ২০২৭ সালের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সফরসূচি প্রকাশ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB), যেখানে বাংলাদেশ পুরুষ ও নারী দলের এই ঐতিহাসিক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
স্মরণীয় এই লর্ডস টেস্টটি শুরু হবে ২০২৭ সালের ২৮ মে এবং শেষ হবে ১ জুন। ২০১০ সালের পর এটিই হবে ইংলিশদের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ।
ইসিবি-র প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) রিচার্ড গুল্ড বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে উছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন:
“লর্ডসের ঐতিহাসিক আঙিনায় একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। ২০১০ সালের পর এই প্রথম আমরা ঘরের মাঠে তাদের বিপক্ষে টেস্ট খেলব। একইসঙ্গে বাংলাদেশ নারী দলকেও একটি দ্বিপক্ষীয় সীমিত ওভারের সিরিজের জন্য আতিথেয়তা দেওয়া হবে, যা আমাদের রোমাঞ্চিত করছে।”

