মাঠে সবুজ গালিচায় লড়াকু পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার ও ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড অধিনায়ক হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার আহত ও অসুস্থ শিশুদের অনতিবিলম্বে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ১ লাখ পাউন্ডেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) তহবিল সংগ্রহ করেছেন তিনি।
‘নুজুম স্পোর্টস’-এর সহযোগিতায় আয়োজিত এই বিশেষ দাতব্য উদ্যোগে সংগৃহীত অর্থ সরাসরি পৌঁছানো হবে আন্তর্জাতিক সেবা সংস্থা ‘চিলড্রেন নট নাম্বারস’-এর কাছে।
সংগৃহীত এই বিপুল অর্থ গাজা উপত্যকায় বোমাবর্ষণ ও সংঘাতে পঙ্গুত্ব বা গুরুতর আহত হওয়া শিশুদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ দেশে সরিয়ে নিয়ে জটিল অস্ত্রোপচার ও স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে ব্যবহৃত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হামজা লিখেছেন, “গাজার মানুষের অসীম দুর্দশার তুলনায় এই সাহায্য হয়তো খুবই সামান্য, তবে যত ছোটই হোক, প্রতিটি প্রচেষ্টাই পরিবর্তন আনতে পারে।” তিনি গাজার মজলুম মানুষের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার প্রার্থনা করেন।
মাঠে যখন প্রশংসায় ভাসছেন হামজা, তখন আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচে উপস্থিত থাকতে পারছেন না হামজা। তবে ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হলে আগামী ৯ নভেম্বর ঢাকায় পৌঁছে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

