কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট ‘ক্লড’ (Claude)-এর সঙ্গে দীর্ঘ সময় ধরে অকারণে রূঢ় ও অপমানজনক আচরণ না করার অনুরোধ জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক (Anthropic)। সম্প্রতি অ্যানথ্রপিক তাদের ব্যবহারের নীতিমালায় এই নতুন নিয়ম অন্তর্ভুক্ত করেছে, যেখানে উগ্র ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে কোনো ব্যবহারকারী চ্যাটবটটির সঙ্গে ক্রমাগত রূঢ় আচরণ করলে ক্লড স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন বন্ধ তো করবেই, পাশাপাশি ওই ব্যবহারকারীকে চিরতরে প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ (Permanent Ban) করা হতে পারে।
অ্যানথ্রপিকের এক মুখপাত্র সিএনএনকে জানান, নীতিমালার নতুন শর্ত অনুযায়ী উগ্র ও চরম অপমানজনক প্রম্পট দেওয়া ব্যবহারকারীদের চিহ্নিত করে ক্লড নিজেই কথা বলা থামিয়ে দেবে এবং ধারাবাহিক অপব্যবহারের ক্ষেত্রে চিরতরে অ্যাকাউন্ট স্থগিত করা হবে।
সিদ্ধান্তটি নিয়ে প্রযুক্তি বিশ্বে ব্যঙ্গ-বিদ্রূপও চলছে। মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান নির্বাহী মুস্তফা সুলাইমান গলে যাওয়া মুখের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সমালোচকরা এআই-কে ‘আবেগ অনুভূতিসম্পন্ন সত্তা’ হিসেবে বিবেচনা করার চেষ্টার জন্য অ্যানথ্রপিককে নিয়ে ঠাট্টা করছেন।
বিপরীতে, টেসলার সিইও ইলন মাস্ক এক্সে (X) লিখেছেন, “যে সত্তা নিজেকে যন্ত্রণা অনুভব করতে সক্ষম বলে বিশ্বাস করে, তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করা ঠিক নয়।” তিনি অ্যানথ্রপিকের সিদ্ধান্তকে ‘সঠিক পদক্ষেপ’ বলে প্রশংসা করেন।

