বাঁহাতি স্পিনার মানব সুতারের দুর্দান্ত ঘূর্ণি বোলিংয়ে নিজেদের ইতিহাস গড়া ৬০০তম টেস্টে ১৬৫ রানের দাপুটে জয় তুলে নিয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩৭২ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৬ রানে অলআউট হয়ে যায়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
শেষ দিনে ৩৭২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ৮৪ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা (৫৯) ও সোনাল দিনুশার (৮৪) ৯৫ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রবীন্দ্র জাদেজা এই জুটি ভাঙেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন ভারতের তরুণ স্পিনার মানব সুতার। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে ৬টি উইকেট নেন সুতার। প্রথম ইনিংসে ৪ উইকেটসহ ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন এই তরুণ স্পিনার। ঐতিহাসিক ৬০০তম টেস্ট জয় দিয়ে সিরিজ শুরু করার পর, কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

