ঘরোয়া ক্লাবগুলোর বড় একটি অংশ এখনো প্রাক- মৌসুম প্রস্তুতি শুরু না করায়, ঘরের মাঠে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জাতীয় দলকে চাঙ্গা করতে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ৪টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
“সেপ্টেম্বর ফিফা উইন্ডোর আগে আমরা ১০ দিনের একটি প্রশিক্ষণ ক্যাম্প করব, যা শুরু হবে ২১ সেপ্টেম্বর। এই সময়ে আমাদের লক্ষ্য ৪টি ম্যাচ খেলা, যাতে আমরা ফিফা র্যাঙ্কিং উন্নত করার পাশাপাশি সাফের জন্য দলের সমন্বয় আরও জোরদার করতে পারি,” সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বা ভেন্যুর নাম প্রকাশ না করে সাংবাদিকদের এ তথ্য জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
জার্মান-আমেরিকান প্রধান কোচ থমাস ডুলির অধীনে ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আঞ্চলিক টুর্নামেন্টের আগে জাতীয় দল আরও দুই সপ্তাহের নিবিড় কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে বিলম্ব ও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চিন্তা
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী লিমিটেডের মধ্যকার চ্যালেঞ্জ কাপ দিয়ে আগামী ২১ আগস্ট দেশের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে।
তবে ফিফার দলবদল সংক্রান্ত নিষেধাজ্ঞার আইনি ঝামেলা ও স্কোয়াড পুনর্গঠনের চ্যালেন্জে থাকা এই দুই জায়ান্ট ক্লাবের কেউই এখনো প্রাক-মৌসুম অনুশীলন শুরু করতে পারেনি। জাতীয় দলের মূল শক্তির একটি বড় অংশই যেহেতু এই দুই ক্লাব থেকে আসে, তাই ম্যাচ ফিটনেস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
“জাতীয় দল কমিটি খেলোয়াড়দের ইনজুরি, খাদ্যাভ্যাস ও ফিটনেসের বিষয়টি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। আমরা খেলোয়াড়দের ফিটনেসের জন্য কেবল দুটি ক্লাবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই আমরা নিজেরা এই উদ্যোগ নিয়েছি,” স্পষ্ট করেন তাবিথ আউয়াল, যিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিরও প্রধান। “বর্তমানে কেবল ফর্টিস এফসি এবং বাংলাদেশ পুলিশ এফসি তাদের অনুশীলন শুরু করেছে। আশা করছি ১ আগস্টের মধ্যে অধিকাংশ দল তাদের স্কোয়াড চূড়ান্ত করে মাঠে নামবে।”
অন্যদিকে, ফেডারেশন কাপ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ যথাক্রমে ২৫ আগস্ট ও ২৮ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।

