আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির অবসর নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো করতে রাজি নয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লাদিও ‘চিকি’ তাপিয়া স্পষ্ট জানিয়েছেন, যতদিন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার খেলাটা উপভোগ করতে চান, ততদিন তাকে স্বস্তিতে মাঠে দেখতে চায় পুরো দেশ। জাতীয় দল থেকে কখন সরে দাঁড়াবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার একা মেসিরই।
সম্প্রতি আর্জেন্টিনার একটি টেলিভিশন অনুষ্ঠানে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা ও জাতীয় দলে তার অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন তাপিয়া।
২০২২ সালের মতো ২০২৬ বিশ্বকাপেও নিজের সেরা পারফর্ম্যান্স দিয়ে দলকে ফাইনালে তোলেন মেসি; যদিও অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে মেসির বয়স ৩৯ বছর পেরিয়ে যাওয়ার পর ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে—তিনি কি ২০৩০ বিশ্বকাপেও খেলবেন?
তখন মেসির বয়স হবে ৪৩ বছর। বিশ্বকাপের ইতিহাসে গোলরক্ষক ছাড়া সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি রয়েছে ক্যামেরুনের রজার মিল্লার (৪২ বছর ৩৯ দিন)। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও ৪১ বছর বয়সে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। তবে এএফএ সভাপতি তাপিয়া জোর দিয়ে বলেন, ২০৩০ নিয়ে জল্পনা না বাড়িয়ে এই মুহূর্তে মেসির খেলা উপভোগ করাই সবার মূল অগ্রাধিকার হওয়া উচিত।

