পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে ঢাকায় এনে ম্যাচ খেলালে ভক্তদের স্বপ্নপূরণ হলেও এতে বাংলাদেশ ফুটবলের কোনো মৌলিক পরিবর্তন হবে না বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি ম্যাচ উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার মতো মানসিয়তা বা সুযোগ এই মুহূর্তে সরকারের নেই।
সম্প্রতি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দল ঢাকার স্টেডিয়াম পরিদর্শন করার পর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কলকাতায় খেলার আগে বাংলাদেশে প্রীতি ম্যাচ বা অনুশীলনের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়। বুধবার বক্সিং ফেডারেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের এই অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী।
জাতীয় অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতা: বিদ্যুৎ ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ খাতে ব্যয়ের চাপ থাকায় একটি প্রদর্শনী ম্যাচের পেছনে সরকারি অর্থ ব্যয় যুক্তিযুক্ত নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ফুটবলের টেকসই উন্নয়ন: ব্রাজিল খেললে সমর্থকদের স্বপ্নপূরণ হতে পারে, তবে তা দিয়ে দেশের ফুটবলের ভিত্তি মজবুত হবে না; বাফুফে নিজ দায়িত্বে স্পন্সর জোগাড় করতে পারলে কেবল সরকারের প্রশাসনিক সহযোগিতা মিলবে।

