দীর্ঘ ২৩ বছরের দীর্ঘ বিরতি ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আবারও কোনো বৃহৎ আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতার স্বাগতিক হতে যাচ্ছে পাকিস্তান। আগামী ২০২৭ সালের ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত আয়োজিত হতে যাওয়া এই ১৪তম সাউথ (এসএ/সাফ) গেমসে অংশ নিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত নীতিগতভাবে সম্মতি প্রদান করেছে।
পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকার বরাতে জানা যায়, দক্ষিণ এশীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল সমন্বয় সভায় ভারতের প্রতিনিধি এই অংশগ্রহণের সম্মতি নিশ্চিত করেন। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) মহাসচিব খালিদ মেহমুদ জানান, আঞ্চলিক অলিম্পিক সংস্থার পর্যায় থেকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে। তবে ভারতীয় দলের আকার এবং অ্যাথলেটদের সুনির্দিষ্ট তালিকা ২০২৭ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
আয়োজক সূত্রের তথ্য মতে, প্রস্তাবিত ২০২৭ সাফ গেমসে মোট ২৮টি ক্রীড়া ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল প্রতিযোগিতাগুলো ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ার—এই তিনটি শহরে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। একক শহর হিসেবে রাজধানী ইসলামাবাদ সবচেয়ে বেশি ১৫টি ইভেন্ট (স্কোয়াশ, টেনিস, মার্শাল আর্ট ইত্যাদি) আয়োজন করবে। ঐতিহ্যবাহী ক্রীড়া শহর লাহোরে ক্রিকেট, সাঁতার ও হকি সহ ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে এবং পেশোয়ার স্বাগতিকতা করবে ৩টি ডিসিপ্লিনের। হাজার হাজার ক্রীড়াবিদ, কর্মকর্তা ও আন্তর্জাতিক গণমাধ্যমের আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারে’র সভাপতিত্বে আবাসন, অবকাঠামো ও পরিবহন সংক্রান্ত এক বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে ৯ম সাফ গেমসের সফল আয়োজন করেছিল।

