১৪টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যৌথভাবে এই আসর আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক জমকালো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের ১২টি ভেন্যু, অফিসিয়াল ব্র্যান্ড ও থিম উন্মোচন করে।
বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের মূল অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি মাঠে। এছাড়া জিম্বাবুয়ে ও নামিবিয়া বাকি ম্যাচগুলোর আতিথেয়তা দেবে।
দক্ষিণ আফ্রিকা (৮টি ভেন্যু): জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন।
জিম্বাবুয়ে (৩টি ভেন্যু): হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া (এখানে ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে)।
নামিবিয়া (১টি ভেন্যু): রাজধানী উইন্ডহুকের ‘নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড’ (এখানে অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে)।
বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স বা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে।
অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ: দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বের ভেন্যু: নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমে বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। ওই সময় দক্ষিণ আফ্রিকার মূল ভেন্যুগুলোতে এসএ২০ (SA20) টুর্নামেন্ট চলায় সেখানে বাছাইপর্বের ম্যাচ রাখা হয়নি।
ঐতিহাসিক অভিষেক: ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করলেও নামিবিয়া এই প্রথম কোনো আইসিসি বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার গৌরব অর্জন করল।
আইসিসি এই আসরের জন্য বিশেষ স্লোগান ও ব্র্যান্ড ঘোষণা করেছে:
অফিসিয়াল ব্র্যান্ড: ‘মেইক দ্য সার্কেল বিগার’ (Make the Circle Bigger)
অফিসিয়াল থিম: ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ (Three Nations, One Heartbeat)
ভেন্যু উন্মোচন অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান তারকা গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা এবং জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজাসহ নামিবিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হলেও, ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

