অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক ও রূপকথাতুল্য সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে টাইগাররা।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এ ঐতিহাসিক জয় অর্জিত হওয়ার মুহূর্তে কিশোরগঞ্জের সফরে ছিলেন প্রধানমন্ত্রী। খেলা শেষে তিনি দূর থেকেই প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি বাংলাদেশ দলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
ম্যাচ শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাঁদের অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশের কোটি মানুষের পক্ষ থেকে দলের খেলোয়াড়দের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।
বাংলাদেশ দলের প্রতি তাঁর অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন:
“অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।”
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, হেড কোচ, কোচিং স্টাফ ও বিসিবির সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, টাইগাররা এই বিজয়ের ধারা বজায় রেখে সিরিজের পরবর্তী টেস্টেও একই পারফরম্যান্স ধরে রাখবে এবং সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করবে।

