মিয়ানমারের বিপক্ষে ড্র দিয়ে শেষ হলো এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের সফর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সাথে ০-০ গোলে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচের শুরু থেকেই মিয়ানমার আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমার অসাধারণ দৃঢ়তায় কোনো গোল হজম করতে হয়নি দলকে। প্রথমার্ধে বাংলাদেশও কিছু সুযোগ তৈরি করেছিল; বিশেষ করে ঋতুপর্ণার একটি দূরপাল্লার শট সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে একাধিক আক্রমণ সাজায় মিয়ানমার। পুরো সময়জুড়ে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকলেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষকের সতর্কতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে উত্তর ও দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হওয়ায় বাংলাদেশের সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন আগেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। মিয়ানমারের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে সেরা তৃতীয় দল হিসেবে শেষ আটে ওঠার সামান্য সম্ভাবনা বেঁচে থাকত। তবে এই গোলশূন্য ড্রয়ের ফলে সেই সমীকরণেরও ইতি ঘটল। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের চতুর্থ স্থানে থেকেই এশিয়ান গেমসের আসর শেষ করল বাংলাদেশ।

