হারারেতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায় রচনা করলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক হলেন ৪০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।
মঙ্গলবার মাঠে নামার পর টেইলরের ওডিআই ক্যারিয়ারের মোট সময়সীমা দাঁড়িয়েছে ২২ বছর ১৪৮ দিন। এর মাধ্যমে তিনি ২০১২ সালে ওয়ানডে থেকে অবসর নেওয়া শচীন টেন্ডুলকারের ২২ বছর ৯১ দিনের রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেন। ২০০৪ সালের ২০ এপ্রিল বুলাওয়ায়োতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন টেইলর।
জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে অ্যান্ডি ফ্লাওয়ারের (৬,৭৮৬ রান) পর দ্বিতীয় সর্বোচ্চ ৬,৭০৪ রানের মালিক ব্রেন্ডন টেইলর দেশের হয়ে ওডিআইতে সর্বোচ্চ ১১টি শতকের মালিক। আইসিসির সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফিরে আসার মূল লক্ষ্য— আগামী বছর (২০২৭) দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সাথে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। অন্যদিকে, দীর্ঘতম ওডিআই ক্যারিয়ারের আন্তর্জাতিক তালিকায় ১৮ বছর ২০২ দিনের স্থায়িত্ব নিয়ে ১০ম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

