দীর্ঘ ১২ বছরের ব্যবধান ও অতীত তিক্ততার অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ড জাতীয় দলের ড্রেসিংরুমে ফিরছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, থ্রি-লায়ন্সদের সাদা বলের (White-ball) দলের স্পেশালিস্ট মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা ব্যাটার।
আগামী সপ্তাহ থেকেই ইংল্যান্ডের সীমিত ওভারের দলের সাথে যোগ দেবেন পিটারসেন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের ব্যাকরুম স্টাফ হিসেবে আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর দিয়ে তাঁর নতুন অধ্যায় শুরু হবে। পরবর্তীতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর এবং ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ইংলিশ ড্রেসিংরুমে থাকবেন তিনি। মূলত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পিটারসেনের বৈচিত্র্যময় অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)।
উল্লেখ্য, ২০১৪ সালে বোর্ডের সাথে সম্পর্ক অবনতির জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়েন পিটারসেন এবং ২০১৮ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। খেলোয়াড়ি অধ্যায় শেষে আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে বিশ্বজুড়ে কাজ করেছেন তিনি। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই বিধ্বংসী ব্যাটারের।

