দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিশাল রান পাহাড়ের জবাবে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়ের অনবদ্য ডাবল সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পৌঁছেছে সফরকারীরা। পচেফস্ট্রুমে চার দিনের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে পচেফস্ট্রুমের এনডব্লিউসি ওভালে ৩৩৫ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
দিনশেষে ৩৩৯ বলে ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়। তার এই মহাকাব্যিক ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪৭১ রান সংগ্রহ করে দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের প্রথম ইনিংস থেকে তারা এখন মাত্র ৪১ রান পিছিয়ে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি হৃদয়ের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের অভিজাত তালিকায় নিজের নাম লেখালেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে ডাবল সেঞ্চুরি করা ৪র্থ বাংলাদেশি ব্যাটার হৃদয় (পূর্বসূরি: শাহরিয়ার বিদ্যুৎ ২০০৩, মুশফিকুর রহিম ২০১৩, সাকিব আল হাসান ২০১৭)।
এর আগে বিসিবি সাউথ জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে চট্টগ্রামে ২১৭ রান করেছিলেন হৃদয়। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক।
জাকের আলীর (৯৪) বিদায়ের পর সাইফউদ্দিনের (৮৭) সাথে ১৮৫ রানের জুটি গড়ে দলকে প্রথম ইনিংসের পুঁজির দোরগোড়ায় নিয়ে যান তিনি।

