বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরীকে স্থায়ী চুক্তিতে দলে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে শেফিল্ড ইউনাইটেড। রোববার (৩০ আগস্ট ২০২৬) লেস্টার সিটি থেকে ব্রামল লেনে তার ফেরার চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য স্টার’।
শেফিল্ডের নিয়মিত রাইটব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় রক্ষণে তৈরি হওয়া ঘাটতি মেটাতে হামজাকে জরুরি ভিত্তিতে দলে ভেড়ানোর উদ্যোগ নেয় ক্লাবটি। মেডিকেল পরীক্ষা সম্পন্ন হলে মঙ্গলবার বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয় ভাগে ধারে খেলে ১৯ ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করা হামজাকে এবার প্রায় শূন্য ট্রান্সফার ফিতেই স্থায়ীভাবে দলে যুক্ত করল শেফিল্ড।
ওয়াটফোর্ড ও শেফিল্ড—উভয় ক্লাবেই কোচ ওয়াইল্ডারের অধীনে খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার। ওয়াইল্ডার তার মানসিক শক্তি ও বহুমুখী দক্ষতার প্রশংসা করেছেন।
জো রথওয়েল ও জাইরো রিডেওয়াল্ডের চুক্তি আগামী গ্রীষ্মেই শেষ হতে যাওয়া এবং কালভিন ফিলিপস ধারে থাকায় শেফিল্ডের মধ্যমাঠ ও রক্ষণভাগের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে হামজাকে যুক্ত করা হলো।

