ইএফএল কাপে (কারাবাও কাপ) গোলবন্যা ভাসিয়ে বিশাল জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে প্রতিপক্ষ চালর্টনকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে তারা।
ম্যাচের শুরু থেকেই চালর্টনের ওপর আধিপত্য দেখালেও প্রথম গোলের জন্য স্পার্সদের অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত। মিকি মুরের চমৎকার গোলে দল লিড পাওয়ার ঠিক ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ডোমিনিক সোলাঙ্কে।
দ্বিতীয়ার্ধে চালর্টনের ওপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ৬৭ মিনিটে কেভিন ডানসো দলের হয়ে তৃতীয় গোলটি করেন। বদলি হিসেবে নামা নতুন সাইনিং সেভিনহো ৮২ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন। ৮৫ মিনিটে বেন ডেভিস দলের পক্ষে পঞ্চম গোল করেন। ম্যাচের ৮৭ মিনিটে লয়েড জোন্স চালর্টনের হয়ে এক গোল শোধ দিলেও সেটি কেবল সান্ত্বনাতেই সীমাবদ্ধ থাকে।
এভারটন ও নিউক্যাসলের জয়: রাতের অন্য ম্যাচে প্রেস্টন এফসিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় কুড়িয়েছে এভারটন। অন্যদিকে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে নিউক্যাসল।
বার্নলির বিদায়: তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ব্রাডফোর্ডের বিরুদ্ধে নির্ধারিত সময় পর্যন্ত লড়াই সমতায় থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে বার্নলি।

