মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সদের মতো বিশ্বসেরা পেসারদের মুখোমুখি হওয়ার আগে বড় ধরণের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ দল। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারীরা। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ২৬৩ রান তুললেও, দ্বিতীয় ইনিংসে অনভিজ্ঞ অজি পেসারদের সামনে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।
১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ব্যাটারদের এমন করুণ পারফর্ম্যান্স সফরকারী বাংলাদেশ শিবিরের জন্য বড় দুঃসংবাদ ও চরম অশনিসংকেত।
গতকাল ২ উইকেটে ১৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ, আজ শেষ দিনে মাত্র ১৭ ওভারের মধ্যে বাকি ৮টি উইকেট হারায়। মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ২২ বছর বয়সী অনভিজ্ঞ বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন একাই ২৫ রান দিয়ে ৮টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ দলকে একা ধসিয়ে দেন। বাকি ২টি উইকেট নেন অফ স্পিনার কোরি রকিচোলি।
বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে কেবল ওপেনার তানজিদ হাসান (২২) দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন আউট হয়েছেন শূন্য রানে। বাকি ব্যাটারদের কেউই ৬ রানের বেশি করতে পারেননি।

