আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।
চোটের কারণে সর্বশেষ অ্যাশেজ সিরিজের বড় অংশে অনুপস্থিত ছিলেন এই তিন প্রধান অস্ত্র। তবে বাংলাদেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজ দিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরেছেন তাঁরা।
প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের সঙ্গে অজি পেস আক্রমণ সামলাবেন অভিজ্ঞ মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। দলে পেস-অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারকে। সিনিয়র তারকাদের প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট।
উসমান খাজা টেস্ট থেকে অবসর নেওয়ায় ব্যাটিং লাইনাপে কিছু পরিবর্তনের ইঙ্গিত থাকলেও মূল টপ অর্ডার অপরিবর্তিত রাখা হয়েছে। অভিজ্ঞ স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের সাথে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস ও জেক ওয়েদারাল্ডের ওপর আস্থা রেখেছেন নির্বাচকেরা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) অংশ এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

