অবশেষে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটল। আনুষ্ঠানিকভাবে ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সাফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। দক্ষিণ এশীয় অঞ্চলের সবকটি সদস্য রাষ্ট্রই এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
টুর্নামেন্টকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তারিখও নির্ধারণ করেছে সাফ। আগামী ৫ আগস্ট ঢাকায় উন্মোচন করা হবে ২০২৬ আসরের অফিশিয়াল লোগো। এরপর ১ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র ও গ্রুপিং পর্ব।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানান,
“বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পরপরই এই ঘোষণা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করবে। বাংলাদেশে ফুটবলের জোয়ার ও সমর্থকদের আগ্রহ দিন দিন বাড়ছে। তাই স্বাগতিক হিসেবে বাংলাদেশ একটি সফল ও অবিস্মরণীয় টুর্নামেন্ট উপহার দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও জানান, সাফের ১৫তম এই আসরকে ঘিরে আগামী কয়েক মাসে ম্যাচ ভেন্যু, টিকিট ও প্রচারণাসহ আরও বেশ কিছু আপডেট তুলে ধরা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ২০১৮ সালে এককভাবে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। দীর্ঘ আট বছর পর আবারও দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলের লড়াই দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা।

