সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা নাজরানে একটি সামরিক রিকনেসেন্স (গোয়েন্দা) হেলিকপ্টার বিধ্বস্তে ২ জন ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোটের এক অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। অন্যদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা বিমানটি ভূপাতিত করার যে দাবি করেছে, তা দৃঢ়ভাবে খারিজ করে দিয়েছে জোট কর্তৃপক্ষ।
আরব জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি AH-6i লাইট অ্যাটাক ও রেকন আর্মেড হেলিকপ্টার। সীমান্ত এলাকায় রুটিন টহল দেওয়ার সময় কারিগরি ত্রুটির মুখে পড়ে এটি বিধ্বস্ত হয়।

