ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠককে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আবুধাবির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা প্রশমন, সংঘাতের মাত্রা হ্রাস এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদারের বিভিন্ন উদ্যোগ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে অঞ্চলটির জনগণের শান্তি, কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বাড়ানোর ওপর জোর দেন তাঁরা।
তবে এ বৈঠক থেকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা কমাতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে ব্রিকস জোটের যৌথ ঘোষণাপত্রে সই করে ইরান ও সংযুক্ত আরব আমিরাত। তার পরপরই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হলো।

