যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টিতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থীকে ব্যালট চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজ্যটির পুলিশ এ তথ্য জানায়। অভিযুক্তের নাম ল্যারি স্যাভেজ (৫১)।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, গত ৩ অক্টোবর ভোট দেওয়ার ৪টি যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার জন্য আনা ১৩৬ প্রার্থীর ব্যালট থেকে ২টি ব্যালট নিখোঁজ হয়ে যায়।
পুলিশ বলেছে, নজরদারির কাজে ব্যবহৃত ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যালট পরীক্ষার বৈধতা–সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর ল্যারি স্যাভেজ ব্যালট দুটি ভাঁজ করে প্যান্টের পকেটে ঢোকাচ্ছেন।
পরে স্যাভেজের বিরুদ্ধে একটি তল্লাশি পরোয়ানা জারি করা হয় এবং তাঁর ভবনে তল্লাশি চালানো হয়। পুলিশ কর্মকর্তারা বলেছেন, ল্যারির গাড়ি থেকে নিখোঁজ ব্যালটগুলো উদ্ধার করা হয়েছে।
ইন্ডিয়ানার রিপাবলিকান পার্টির জনসংযোগ পরিচালক গ্রিফিন রিড এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা দ্ব্যর্থহীনভাবে নির্বাচনে যেকোনো ধরনের অপরাধমূলক হস্তক্ষেপের নিন্দা জানাই। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টার প্রশংসা করছি।’
গতকাল পুলিশের কাছে ধরা দেওয়ার আগে ল্যারি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির ঘটনা বিরল। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের বিরুদ্ধ ভোট কারচুপির অভিযোগ আনেন ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলের নেতারা। ভোট জালিয়াতির অভিযোগে তাঁদের করা একাধিক মামলা বিভিন্ন আদালতে খারিজ করে দেওয়া হয়েছে।

