মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা ও সরবরাহ ব্যবস্থার ঝুঁকির মাঝেও বিশ্ববাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত খনিজ তেলের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ঘটেছে। লোহিত সাগর ও সংকটাপন্ন এলাকার বিকল্প সমুদ্ররুট ব্যবহার করে সৌদি আরব অতিরিক্ত অপরিশোধিত তেল রফতানি বজায় রাখায় বাজারে তাৎক্ষণিক স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববাজারের লেনদেনের শুরুতে আন্তর্জাতিক তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।
বাজার সূত্রে জানা যায়, লেনদেনের শুরুর ভাগে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের (Brent Crude) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ মার্কিন ডলার বা ১ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০১ দশমিক ২৯ ডলারে। এর আগে গত বুধবারের লেন পর্বেও উভয় বেঞ্চমার্কে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩ ডলার করে কমেছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ও সামরিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক শিপিং রুটে ঝুঁকি তৈরি হলেও সৌদি আরব তাদের নিজস্ব পাইপলাইন ও বিকল্প বন্দরের মাধ্যমে বিশ্ববাজারে তেল সরবরাহ অব্যাহত রেখেছে। এর ফলে সরবরাহ ঘাটতির বড় ধরনের যে শঙ্কা তৈরি হয়েছিল, বাজার আপাতত তা থেকে কিছুটা স্বস্তি পেল।

