বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক অবস্থান ও নীতি পুনর্বিবেচনা করতে তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
প্রভাবশালী এই মার্কিন নীতিনির্ধারকের ঢাকা সফরে ঢাকার সাথে বেইজিংয়ের সম্পর্কের গভীরতা পরখ করে দেখার বিষয়টি যেমন গুরুত্ব পাবে, তেমনি ওয়াশিংটনের সাথে ইতোমধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে নতুন সরকারের মনোভাব ও দৃষ্টিভঙ্গিও খতিয়ে দেখবেন তিনি।
সফরের প্রথম দিন আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মার্কিন বিশেষ দূত। সফরসূচি অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উচ্চপর্যায়ের আলোচনা করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান অগ্রাধিকারসমূহ, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের সার্বিক ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এছাড়া সফরে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন।
ঢাকা সফরের একদম শেষ পর্যায়ে বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক পর্যালোচনা করবেন।

