মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে থেকে ৩ লাখ মানুষকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পৃথক দুটি অনুষ্ঠানে আন্তর্জাতিক গুরুত্ববহ এই তথ্য নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহের শেষে নেগেরি সেম্বিলান রাজ্যের আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে বিদ্যমান সুসম্পর্কের ফলেই দুই দেশের মধ্যে এ বিষয়ে কার্যকর আলোচনা করা সম্ভব হয়েছে। তিনি জানান, একই প্রত্যাবাসন উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের সঠিক পরিচয় শনাক্ত ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব তাঁর মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই ৫ হাজার রোহিঙ্গাকে দ্রুত ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা এগিয়ে নেবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের সঙ্গে কৌশলগত যোগাযোগের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুনর্ব্যক্ত করেন, “এ কারণেই মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

