হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট তার পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মাসের শেষে প্রেস সচিবের দায়িত্ব ছেড়ে পরে হোয়াইট হাউসের বাইরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন লেভিট। বার্তা সংস্থা এএফপি আজ বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছে।
২৮ বছর বয়সী লেভিট যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধান মুখপাত্র। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করার পর তিনি প্রেস সচিব হিসেবে নিয়োগ পান। অত্যন্ত অনুগত কর্মকর্তা হিসেবে পরিচিত লেভিট হোয়াইট হাউসের উত্তপ্ত সংবাদ ব্রিফিংগুলোতে সাবলীল ও আক্রমণাত্মক বক্তব্য রেখে নজর কেড়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “ক্যারোলিন লেভিট একজন অসাধারণ প্রেস সচিব এবং আমার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের অন্যতম। তিনি তার ছোট সন্তান ও পরিবারের সঙ্গে আরও সময় কাটানোর জন্য চলতি মাসের শেষে দায়িত্ব ছাড়বেন। তবে তিনি আমার অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং রিপাবলিকান পার্টিতে এক প্রভাবশালী কণ্ঠ হিসেবে থাকবেন।”
গত মে মাসে দ্বিতীয় সন্তান ভিভিয়ানার জন্মের পর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি কাজে ফেরেন লেভিট। দায়িত্বে ফেরার মাত্র কয়েক সপ্তাহের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেন, অত্যন্ত ব্যস্ত এই দায়িত্ব সামলে তার দুই ছোট সন্তান যে সেরা মাকে পাওয়ার যোগ্য, তা হওয়া কঠিন হয়ে পড়ছিল।
ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণার পর লেভিট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “উদারপন্থী গণমাধ্যমকে জবাবদিহির মধ্যে রাখা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য সম্পর্কে মার্কিন জনগণকে সত্য জানানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত।” লেভিটের প্রেস সচিব পদে দায়িত্ব পালনকালে হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ ব্রিফিং আবার পূর্ণ উদ্যমে চালু হয়েছিল।

