নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী দ্য হেগ (The Hague) শহরে কর্তৃপক্ষ ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে আয়োজিত এক অভিবাসনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ডানপন্থী সংগঠন ‘উই আর দ্য পিপল’ (We Are The People)-এর আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, শনিবার কয়েকশত মানুষের অংশগ্রহণে একটি প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করা হলেও নিরাপত্তার স্বার্থে স্থানীয় নগর কর্তৃপক্ষ সেটি নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও শত শত বিক্ষোভকারী জাতীয় পতাকা ও অভিবাসনবিরোধী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শহরের কেন্দ্রস্থলের রাস্তায় জড়ো হতে শুরু করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা ঠেলে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে আতশবাজি, ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ তীব্র বেগে জলকামান ব্যবহার করে। পরবর্তীতে অশ্বারোহী পুলিশ ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নামিয়ে পুরো এলাকা খালি করার অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে সহিংসতায় জড়িত একাধিক বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
হেগ পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্ট কতজনকে গ্রেফতার করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

