ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত অর্থনৈতিক আঘাত’ বা ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণার কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের মতে, একপাক্ষিক নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত অর্থনৈতিক চাপ প্রয়োগ মধ্যপ্রাচ্যের উত্তেজনার কোনো স্থায়ী সমাধান আনতে পারে না।
যুক্তরাষ্ট্রের ঘোষিত এই অর্থনৈতিক কার্যক্রমে চীনসহ অন্যান্য দেশকে যুক্ত হওয়ার আহ্বানের জবাবে এই স্পষ্ট বার্তা দিল বেইজিং।
মার্কিন হুমকির বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত কোনো অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞা চীন মেনে নেবে না। তিনি সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান।
অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বেইজিংকে এই অর্থনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেও চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা সার্বভৌম দেশের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য বজায় রাখার পক্ষে।

