নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে সদ্য নিযুক্ত দুই কর্মকর্তার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ভারত হাইকমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার অপেক্ষায় রয়েছে।
গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন তোলেন যে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দুজন নতুন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও ভারতবিরোধী পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সোয়াল বলেন: “আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের অবহিত করা হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে আমরা এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।”
কূটনৈতিক সফর ও সমসাময়িক বিষয়াবলীসংবাদ সম্মেলনে উত্থাপিত আরও কয়েকটি কূটনৈতিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরা হয়:মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর: ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর সম্পর্কে ভারত অবগত কি না এবং সফরের মূল উদ্দেশ্য সম্পর্কিত প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ: আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিষয়ে জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

