ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে পূর্বঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রতিরোধমূলক আটক (Preventive Detention) করেছে দিল্লি পুলিশ। বিকেল ৫টায় নির্ধারিত কর্মসূচির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাকে আটক করা হয়।
সমাবেশের ওপর নিরাপত্তা শঙ্কা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা জারি থাকায় দিল্লি পুলিশ তাকে কর্মসূচি বাতিল করার আহ্বান জানায়। অমান্য করে এগিয়ে যেতে চাইলে তাকে হেফাজতে নেওয়া হয়।
প্রতিরোধমূলক আটক ও পুলিশি অ্যাকশন: দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল দিল্লি ও কনট প্লেস এলাকায় অননুমোদিত জনসমাগম এড়াতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ধারা ১৬৩ প্রয়োগ করা হয়েছে। এর অধীনেই অভিজিৎ দীপকে আটক করা হয়।
এক সপ্তাহে দ্বিতীয়বার গ্রেপ্তার: এর আগে ১০ অক্টোবর সিইসি-বিরোধী বিক্ষোভ ঘিরে দিল্লি বিমানবন্দরে নামার সাথে সাথে উড়োজাহাজের ভেতর থেকেই অভিজিৎ দীপকে আটক করা হয়েছিল। এক সপ্তাহের মাথায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের আহ্বানে আবারও তাকে আটক করা হলো।
অন্যান্য নেতা আটক ও অজ্ঞাত স্থান: অভিজিৎ দীপকের সাথে সর্বভারতীয় ছাত্র সংগঠন (AISA)-এর নেত্রী নেহা বোরাসহ প্রায় ১৫০ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। সিজেপির অভিযোগ, তাদের শীর্ষ নেতৃত্বকে অজানা স্থানে রাখা হয়েছে।
বিরোধীদের তোপ: শান্তিপূ্র্ণভাবে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে বাধা প্রদানকে ভারতের বিরোধী দলগুলো ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে মন্তব্য করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে।

