ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানকে প্রকাশ্য ও দ্ব্যর্থহীনভাবে ‘গণহত্যা’ (Genocide) হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন তিনি।
সাধারণ পরিষদের ভাষণে স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজ বলেন, “গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন কোনো রাখঢাক না রেখে দ্ব্যর্থহীনভাবে তার তীব্র নিন্দা জানাচ্ছে”।
তিনি জোর দিয়ে বলেন, বিশ্বশান্তি ও আন্তর্জাতিক চুক্তি রক্ষায় স্পেনের অবস্থান স্পষ্ট। ইউক্রেন, লেবানন কিংবা ইরান—আগ্রাসন যেখানেই ঘটুক না কেন, স্পেন সর্বদা যেকোনো যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার থেকেছে।
সানচেজ আরও নিশ্চিত করেন যে, তাঁর সরকার রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি ও ক্রয়ে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো রাষ্ট্রকে অন্যের ওপর সামরিক হামলা পরিচালনায় স্পেনের ভূখণ্ড বা সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

