ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আজ শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টা ৫৮ মিনিটে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তীব্র এই ভূকম্পনের পর ইতোমধ্যে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের পানি উপকূল থেকে পিছু হটতে শুরু করায় আতঙ্কে স্থানীয় অধিবাসীরা বাড়িঘর ছেড়ে উঁচু নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই দুর্যোগের খবর নিশ্চিত করেছে।
ভূমিকম্পের তীব্রতায় এন্দে শহরসহ নিকটবর্তী নাগেকেও রিজেন্সির হাসপাতাল ও বিভিন্ন আবাসিক ভবনের দেয়ালে তীব্র ফাটল দেখা দিয়েছে। রোগী ও সাধারণ মানুষ আতঙ্কে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ফ্লোরেস দ্বীপের মাউমেরে শহরের বাসিন্দারা সম্ভাব্য সুনামি থেকে বাঁচতে দ্রুত উঁচু এলাকার দিকে ছুটছেন।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (BMKG)-এর প্রধান সমুদ্রসৈকত ও নদীর তীরবর্তী এলাকা থেকে নাগরিকদের অবিলম্বে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ১৭ হাজারের বেশি দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটে। তবে স্বস্তির বিষয় হলো, অস্ট্রেলীয় সুনামি সতর্কতা কেন্দ্র নিশ্চিত করেছে যে এই ভূকম্পনের ফলে অস্ট্রেলীয় ভূখণ্ডে কোনো সুনামির ঝুঁকি নেই।

