ইউক্রেনীয় বাহিনীর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি শোধনাগার ও সংরক্ষণাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে রাশিয়া। অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের ঘাটতি মেটাতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশটি এখন ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সম্প্রতি পেট্রোলবাহী একটি ভারতীয় শিপমেন্ট রাশিয়ান বন্দরে খালাস করা হয়েছে। অভ্যন্তরীণ বাজারে জ্বালানি আমাদানির এই প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী হলেও শোধন ক্ষমতার সীমাবদ্ধতার কারণে রাশিয়াকে এখন পরিশোধিত পেট্রোলিয়াম আমদানি করতে হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে এতদিন ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের শীর্ষ ক্রেতা থাকলেও, ইউক্রেন যুদ্ধের এই নতুন মোড়ে উল্টো ভারত থেকেই পরিশোধিত পেট্রোলিয়াম সংগ্রহ করছে মস্কো।
শিল্প খাতের তথ্যমতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত থেকে জ্বালানিবাহী আরও একাধিক ট্যাংকার রাশিয়ার বন্দরগুলোতে পৌঁছানোর কথা রয়েছে।

