ইনজুরির কারণে ঢাকা মিরপুর টেস্টে অংশ নিতে না পারলেও সিলেট টেস্টে ফিরেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অমর এক রেকর্ড গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। লাল বলের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাত হাজার (৭,০০০) রানের চূড়া স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম ও শেষ দিনের দ্বিতীয় সেশনে এই অনন্য মাইলফলকে পৌঁছান তিনি।
সিলেট টেস্ট শুরুর আগে মুশফিকের ৭ হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ছিল ৪৩ রান। প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হওয়ায় অপেক্ষা কিছুটা বাড়ে। অবশেষে দ্বিতীয় ইনিংসে দলের চরম বিপর্যয়ের সময় ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের ২০তম ওভারে ১ রান নিয়ে লাল বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৭,০০০ রান পূর্ণ করেন তিনি।
এই মাইলফলকে পৌঁছাতে মুশফিকের লাগলো ১০৪ টেস্টের ১৯৭টি ইনিংস। সিলেটের এই টেস্টের আগে তার ক্যারিয়ার সংগ্রহ ছিল ১০৬ ম্যাচের ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে ৬,৯৫৭ রান। তার লাল বলের ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের কঠিন জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশনেই ৪০ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিহত গড়ে তোলার লড়াই চালাচ্ছেন মুশফিক।

