১৯৯৮ সালে ইন্টারনেট বিশ্বে গুগলের আগমনের পর থেকে দুই দশকেরও বেশি সময় ধরে ওয়েবে তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম হিসেবে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছিল গুগল সার্চ। তবে এআই চ্যাটবটের দ্রুত বিকাশের মুখে প্রথাগত সার্চ ইঞ্জিনের সে দিনগুলোতে বড় রূপান্তর ঘটতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের (Business Insider) এক বিশেষ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, চ্যাটজিপিটিতে বর্তমানে সার্চ সম্পর্কিত যে পরিমাণ প্রশ্ন ও অনুসন্ধান করা হয়, তা গুগলে করা মোট অনুসন্ধানের প্রায় ২০ শতাংশ বা পাঁচ ভাগের এক ভাগের সমান।
২০২২ সালের ৩০ নভেম্বর ওপেনএআই চ্যাটজিপিটি চালু করার পর থেকে প্রথাগত লিঙ্ক-ভিত্তিক সার্চ ফলাফলের ওপর ব্যবহারকারীদের নির্ভরতা ধারাবাহিকভাব কমে আসছে।
ওপেনএআই-এর কনজ্যুমার প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই (Adam Fry) ‘বিগ টেকনোলজি নিউজলেটার’-এর সাংবাদিক অ্যালেক্স কান্ট্রোভিৎসকে নিশ্চিত করেছেন যে, চ্যাটজিপিটিতে অনুসন্ধানমূলক প্রশ্নের পরিমাণ এখন গুগলের মোট সার্চের প্রায় এক-পঞ্চমাংশে পৌঁছেছে। বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর (Weekly Active Users) সংখ্যা প্রায় ১২০ কোটি (১.২ বিলিয়ন)।
চলতি বছর পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় দেখা গেছে, চ্যাটবট ব্যবহারের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তথ্য অনুসন্ধান। জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক জানান, তারা মূলত বিভিন্ন বিষয় অনুসন্ধানে এআই ব্যবহার করেছেন। এছাড়া ৩৮ শতাংশ কর্মক্ষেত্রে এআই ব্যবহারের কথা নিশ্চিত করেছেন।
সমীক্ষায় অংশগ্রহণকারী মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪৪ শতাংশ চ্যাটজিপিটি ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছেন। এর বিপরীতে গুগলের নিজস্ব চ্যাটবট ‘জেমিনাই’ ব্যবহার করেন মাত্র ২৪ শতাংশ ব্যবহারকারী। যদিও গুগল বছরে প্রায় ৫ লাখ কোটি (৫ ট্রিলিয়ন) সার্চ প্রসেস করার দাবি করে, তবে সার্চের বাজার নিয়ে চ্যাটজিপিটির উত্থানের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি।

