আসন্ন মার্কিন মধ্যবর্তী (Midterm) নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৩ নভেম্বরের এই ভোটকে কেন্দ্র করে মার্কিন কংগ্রেসে ক্ষমতার পুরো ভারসাম্য বদলে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের শেষ দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে রিপাবলিকানদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে এতদিন আড়ালে থাকলেও শেষ মুহূর্তে মাঠে নেমে ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক কঠোর ভাষণ দিচ্ছেন বারাক ওবামা।
বুধবার আটলান্টার কাছে জর্জিয়ার মরো শহরে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের নির্বাচনী সমাবেশে ভাষণ দেন ওবামা। সেখানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্সের চ্যালেঞ্জের মুখে থাকা অসফকে জয়ী করার আহ্বান জানান তিনি।
ভাষণে ট্রাম্পের বিতর্কিত শুল্কনীতি এবং ইরানে মার্কিন সামরিক সম্পৃক্ততার তীব্র সমালোচনা করেন ওবামা। আটলান্টায় সমাহিত নাগরিক অধিকার আন্দোলনের নেতা ড. মার্টিন লুথার কিং জুনিয়রের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “মিথ্যা বলা, প্রতারণা করা ও অন্যকে ভয় দেখানো যদি শীর্ষ পর্যায় থেকে গ্রহণযোগ্য হয়, তবে ভাঙা অর্থনীতি বা সমাজকে পুনর্গঠন করা সম্ভব নয়।”
জীবনযাত্রার অনিয়ন্ত্রিত ব্যয় ও ইরান যুদ্ধের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় টান পড়েছে। তা সত্ত্বেও রিপাবলিকানদের নিরঙ্কুশ ভোটব্যাংক সক্রিয় রাখতে এবং ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়াতে অবিরাম মাঠ চষে বেড়াচ্ছেন ট্রাম্প।

