বিতর্কিত রাজনৈতিক উদ্যোগ ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা টানা ৭ দিন বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছেন। দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন ও মুক্তির এই আদেশ প্রদান করেছেন। বুধবার (২১ অক্টোবর) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV) এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
অনুমোদিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া রাজধানী দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) জোরপূর্বক প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে গত ১৪ অক্টোবর থেকে কারারুদ্ধ ছিলেন সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং নেতা সৌরভ দাস।
গত ১৩ অক্টোবর নির্ধারিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরের তালাবদ্ধ গেট ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন এবং নিজেদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে জানান, এর আগে গত ১০ অক্টোবর অন্য একটি বিক্ষোভের কারণে আটক হওয়ার পর এই দুই নেতা একটি মুচলেকা ও শান্তিচুক্তিতে (Peace Bond) স্বাক্ষর করেছিলেন। যন্তর মন্তরে প্রবেশ করে পতাকা তোলার ঘটনাটি সেই বন্ডের সরাসরি লঙ্ঘন।
১৪ অক্টোবর তাদের আটক করে দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হলে আদালত প্রথম দফায় ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। পরবর্তীতে গত সোমবার (১৯ অক্টোবর) তাদের হেফাজতের মেয়াদ আরও ২ দিন বৃদ্ধি করা হয়।
দুই মেয়াদের হেফাজত ও আইনি শুনানি সম্পন্ন হওয়ার পর বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির আদেশ জারি করেন।

