আন্তর্জাতিক মাদকবিরোধী দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কোস্টারিকায় উদ্ধার করা ৪৪,৬৯৭.১৩ কেজি (প্রায় ৪৫ টন) কোকেন ধ্বংসের জন্য বিশেষ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। ভারী সামরিক পরিবহন উড়োজাহাজ সি-১৭ গ্লোবমাস্টার-৩ (C-17 Globemaster III)-এ করে এই বিপুল পরিমাণ কোকেনের চালান যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পাঠানো হয়।
কোস্টারিকার আলাজুয়েলায় অবস্থিত এয়ার সার্ভেইলেন্স সার্ভিসের ‘বেস-২’ (হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন) থেকে সশস্ত্র নিরাপত্তাবেষ্টনীতে চালানটি বিমানে তোলা হয়।
কোস্টারিকার বিচার বিভাগ জানিয়েছে, দেশে একসঙ্গে বিপুল পরিমাণ কোকেন পুড়িয়ে ধ্বংস করার মতো পর্যাপ্ত শিল্প সক্ষমতা (Industrial Incineration Capacity) নেই। স্থানীয়ভাবে এই পরিমাণ মাদক পোড়াতে গেলে মারাত্মক পরিবেশগত দূষণ ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতো। আদালতের নির্দেশনা অনুযায়ী, মাদকগুলো যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের ‘রিওয়ার্ল্ড সলিউশন্সে’ উচ্চক্ষমতাসম্পন্ন ইনসিনারেশন প্রক্রিয়ায় ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।

