জাপানে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ মানুষের সংখ্যা ১ লাখের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বসাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন, যা বিশ্বের যেকোনো দেশের চেয়ে সর্বোচ্চ। এই শতবর্ষীদের ৮৮ শতাংশই নারী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জাপানের সবচেয়ে বয়স্ক নারী কিয়োটো শহরের ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো এবং সবচেয়ে বয়স্ক পুরুষ কুমামোতো শহরের ১১২ বছর বয়সী কাতো হিকারু। জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উএনো বিশাল সংখ্যক মানুষের এই দীর্ঘ ও সক্রিয় জীবনযাপনকে চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তবে একই সাথে এই বয়স্ক জনগোষ্ঠীর জন্য টেকসই সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা ব্যবস্থা বজায় রাখার চ্যালেঞ্জের কথা ব্যক্ত করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, জাপানিদের এই দীর্ঘায়ুর মূল রহস্য তাদের সুষম খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন শারীরিক সক্রিয়তা। স্যাচুরেটেড ফ্যাটযুক্ত পশ্চিমা খাবারের পরিবর্তে তাদের খাদ্যতালিকায় মাছ, শাকসবজি ও ভাতের প্রাধান্য থাকে। পাশাপাশি প্রবীণ বয়সেও নিয়মিত হাঁটা, সাইকেল চালানো এবং গণপরিবহন ব্যবহারের অভ্যাসের কারণে জাপানিরা দীর্ঘকাল সুস্থ থাকেন।

