শিক্ষাগত সনদে ভুল তথ্য প্রদান এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অনুসন্ধানের মুখে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে যে, সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে শুরু হওয়া দুর্নীতির তদন্তের অংশ হিসেবে গত বছরের (২০২৫) জুলাই মাসে তাকে বেতনহীন প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছিল ডব্লিউএইচও। সংস্থাটি তার বিরুদ্ধে চীন ভ্রমণের অর্থ আত্মসাৎ, পিএইচডি সনদ নিয়ে অসত্য তথ্য প্রদান এবং বাংলাদেশে প্লট অধিগ্রহণে অনিয়মের ওপর অভ্যন্তরীণ অনুসন্ধান চালিয়ে আসছিল। যদিও আইনজীবীর মাধ্যমে এসব অভিযোগকে ‘প্রশাসনিক ভুল’ হিসেবে দাবি করেছেন সায়মা ওয়াজেদ।
মহাপরিচালককে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন যে, তাকে কাজ করতে না দেওয়ায় ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর থেকে তার আস্থা হারিয়ে গেছে এবং দীর্ঘ এক বছর বেতন ছাড়া থাকার ফলে তার আর্থিক স্থায়িত্ব সংকুচিত হয়েছে। ডব্লিউএইচও সূত্র জানিয়েছে, তাকে অপসারণের আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া প্রায় শেষপর্যায়ে ছিল। খালি হওয়া এই পদের জন্য আগামী ১২ অক্টোবর নতুন মনোনয়ন আহ্বান করা হতে পারে এবং ২০২৭ সালের ২৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন আঞ্চলিক পরিচালক বাছাই সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে।

