ইরানের সাথে সামরিক সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যদের পরিবারের প্রাপ্য ভাতা ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিতকরণে পেন্টাগনের আমলাতান্ত্রিক জটিলতার খবর সামনে এসেছে। মার্কিন কংগ্রেস কর্তৃক আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ ঘোষণা’ না থাকার অজুহাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিক সুবিধা প্রদান না করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্ষোভ ছড়িয়ে পড়ার পর মার্কিন বিমানবাহিনী বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে দাবি করে প্রশাসনিক সংশোধনের আশ্বাস দিয়েছে এবং হোয়াইট হাউস পরিবারগুলোর পাশে থাকার বার্তা দিয়েছে।
বিতর্কের সূত্রপাত গত মার্চ ২০২৬-এ পশ্চিম ইরাকে একটি ‘কেসি-১৩৫’ জ্বালানি সরবরাহকারী বিমান দুর্ঘটনায় নিহত ৩৩ বছর বয়সী মেজর অ্যালেক্স ক্লিনারের ঘটনাকে কেন্দ্র করে। তাঁর স্ত্রী লিবি ক্লিনার জানান, স্বামীর মৃত্যুর পর তাঁকে বিমানবাহিনী থেকে জানানো হয়েছিল যে কংগ্রেসের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা না থাকায় অতিরিক্ত কিছু সুবিধা পেন্টাগন থেকে মঞ্জুর করা যাচ্ছে না। তবে পরবর্তীতে পেন্টাগন স্বীকার করেছে যে শুরুতে লিবিকে ভুল তথ্য দেওয়া হয়েছিল এবং ‘কমব্যাট পে’ (প্রতি মাসে ২২৫ ডলার) প্রদানে কোনো কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়ে না। ইরান সংঘাতে বিগত ৬ মাসে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৮০ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোপূর্বে বিভিন্ন সময় ইরানের সাথে সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যা দিলেও, ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই সাম্প্রতিক ব্রিফিংয়ে এটিকে অফিশিয়াল যুদ্ধ বলতে অসম্মতি জানান। তাঁরা এটিকে ‘সীমিত মাত্রার সামরিক সংঘাত’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, গোল্ড স্টার পরিবার এবং আহত সেনাদের স্বজনরা অভিযোগ তুলেছেন যে, সরকার তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে সামরিক শব্দের জটিলতা তৈরি করে হতাহতের প্রকৃত চিত্র খাটো করে দেখাচ্ছে।

