লেবাননের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত চ্যালেঞ্জ ও চলমান আঞ্চলিক সংকট নিরসনে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত বৈঠকে মিলিত হয়েছেন লেবানিজ সশস্ত্র বাহিনীর (LAF) প্রধান জেনারেল রুডলফ হায়কাল।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) লেবাননের রাজধানী বৈরুতের ইয়ারজেহ্ সেনা সদরদফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমেরিকান টাস্কফোর্স অন লেবাননের (ATFL) সভাপতি ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত এডওয়ার্ড গ্যাব্রিয়েলের নেতৃত্বে সংস্থাটির পরিচালনা পর্ষদের শীর্ষ সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে লেবানন এবং সামগ্রিক মধ্যপ্রাচ্য অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নাজুক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দক্ষিণ লেবাননে শান্তি রক্ষায় দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের সামনে থাকা অর্থনৈতিক ও লজিস্টিক সীমাবদ্ধতা তুলে ধরা হয়।
সেনাপ্রধান জেনারেল রুডলফ হায়কাল বৈঠকে স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ইসরায়েলি বাহিনী সমঝোতার সকল নীতি ও শর্ত লঙ্ঘন করে একের পর এক হামলা চালিয়ে যাওয়া সত্ত্বেও লেবানন সেনাবাহিনী তাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই কাঠামো চুক্তি অনুযায়ী অর্পিত জাতীয় দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
মার্কিন প্রতিনিধিদলের প্রধান এডওয়ার্ড গ্যাব্রিয়েল লেবাননে শান্তিশৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণে লেবানন সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের লজিস্টিক সহায়তা অব্যাহত রাখার বার্তা প্রদান করেন।

