কৃষ্ণসাগরীয় অঞ্চলের রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী ও কৌশলগত নৌঘাঁটি নভোরোসিস্কে রাতভর ভয়াবহ সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চালানো এই হামলায় রাশিয়ার ৪টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশটির প্রধান দুটি শস্য রফতানি টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, এই হামলায় এক শিশুসহ অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, রুশ নৌঘাঁটিতে আঘাত হানতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আধুনিক জেট ড্রোন ও নৌ-ড্রোন (সি-ড্রোন) ব্যবহার করা হয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর দাবি, তাদের নিখুঁত আঘাতে রাশিয়ার দুটি আধুনিক ফ্রিগেটসহ মোট ৪টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রিমিয়ার সেভাস্তোপোল থেকে পিছু হটার পর নভোরোসিস্কই ছিল কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি। হামলা চলাকালে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে শহরের মূল নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সংযোগকারী পানির মূল পাইপলাইন ফেটে যাওয়ায় পুরো নভোরোসিস্ক নগরীতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
অন্যদিকে, এই হামলার প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে গত দুই দিন ধরে তীব্র পাল্টাহামলা চালিয়েছে রুশ বাহিনী। তাদের এই টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

