ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে ২০২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে একাধিক কাঠের নৌকায় আগমন করা এসব অভিবাসীদের বড় অংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক; পাশাপাশি বেশ কয়েকজন মিসরীয় নাগরিকও রয়েছেন।
গ্রিক সংবাদপত্র দেমোক্রাতিয়া-র তথ্যমতে, ভূমধ্যসাগরীয় এই বিপজ্জনক পথ ধরে অভিবাসীদের ধারাবাহিক আগমনে ক্রিট দ্বীপের স্থানীয় প্রশাসন ও আশ্রয়কেন্দ্রগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষা সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর নজরদারি বিমান প্রথম নৌকাটিকে শনাক্ত করে। পরবর্তীতে গ্রিক উপকূলরক্ষী বাহিনীর টহল জাহাজ ও একটি স্থানীয় মাছ ধরার নৌকার যৌথ সহায়তায় অভিবাসনপ্রত্যাশীদের ইয়েরাপেত্রা ও হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের প্রয়োজনীয় শারীরিক প্রাথমিক চিকিৎসা, নিবন্ধন ও পরিচয় যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। লিবিয়া উপকূলকে কেন্দ্র করে সক্রিয় মানব পাচারকারী চক্রগুলোর প্রলোভনে পড়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগরের এই রুট ব্যবহার করছেন বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ।

