রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনটিতে আগুন লাগে।
ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উদ্ধার করে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আগুনে সরাসরি দগ্ধ না হলেও মাত্রাতিরিক্ত ধোঁয়ার কারণে তাদের তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে পাঠায়।
ঘটনার পর অগ্নিকাণ্ডের বিষয়ে কূটনৈতিক প্রটোকল অনুযায়ী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক বার্তা (নোট ভার্বাল) পাঠিয়েছে পাকিস্তান হাইকমিশন। অগ্নিকাণ্ডে বাসভবনের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীর ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত চলছে।

