বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় চলাচলের উপযোগী করতে আগামী বুধবারের মধ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান চরম অস্থিরতা অনেকাংশে প্রশমিত হবে।
সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেন, “আমরা ইরানিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার ধারণা, আজ বা আগামীকালের মধ্যেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হব। এর মাধ্যমে বিদ্যমান সংঘাত পরিস্থিতিও একটি স্থিতিশীল ধারায় ফিরে আসবে।”
ইরান সংশ্লিষ্ট সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে নৌযান চলাচল কার্যত বন্ধ রয়েছে। জানা গেছে, এ রুট দিয়ে চলাচলকারী বাণিজ্য জাহাজগুলো থেকে টোল বা মাসুল আদায়ের পরিকল্পনা করছে তেহরান।
সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়—প্রস্তাবিত চুক্তিতে তেহরানকে এমন টোল আদায়ের সুযোগ দেওয়া হচ্ছে কি না? জবাবে বেসেন্ট ইঙ্গিত দেন যে, বাণিজ্য জাহাজগুলো কোনো বাধা ছাড়াই স্বাধীনভাবে চলাচল করতে পারবে।
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে। একই সময়ে তিনি ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিতের ঘোষণাও দেন। যদিও সে সময় ওয়াশিংটনের সাথে আলোচনার বিষয়টি অস্বীকার করেছিল তেহরান।
তবে ইরানি পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অর্থমন্ত্রীর সুরেই ইতিবাচক আভাস দিয়েছেন। তিনি জানান, ওমান ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ ও প্রত্যক্ষ আলোচনার সাথে ওয়াশিংটনও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে এবং সে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

