১৩ থেকে ১৭ বছর বয়সী তরুণ ব্যবহারকারীদের লক্ষ্য করে আনুষ্ঠানিকভাবে ‘চ্যাটজিপিটি ফর টিনস’ (ChatGPT for Teens) চালু করেছে ওপেনএআই (OpenAI)। মূল চ্যাটজিপিটি চালুর তিন বছরেরও বেশি সময় পর আসা এই আপডেটে বয়স উপযোগী নিরাপত্তা ব্যবস্থা, অভিভাবকীয় নিয়ন্ত্রণ (প্যারেন্টাল কন্ট্রোল) এবং প্রাতিষ্ঠানিক সততা রক্ষার জন্য বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে—যাতে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কে অনিয়ম করতে না পারে।
প্লাটফর্মটিতে এখন স্বয়ংক্রিয়ভাবেই উন্নত কন্টেন্ট ফিল্টারিং সক্রিয় থাকবে। এর পাশাপাশি আত্মহত্যা বা আত্মঘাতী আচরণ, সহিংসতা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযোগী যেকোনো স্পর্শকাতর বিষয় থেকে সুরক্ষায় এতে আগাম সেফগার্ড যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর এআই-এর প্রভাব এবং প্রাতিষ্ঠানিক অসদুপায় অবলম্বন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আইনি জটিলতা ও ক্রমবর্ধমান সমালোচনার মুখে এই পদক্ষেপ নিল ওপেনএআই। ‘কোডএআই’ (CodeAI)-এর মতো ডিজিটাল স্বাক্ষরতা উদ্যোগের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন করা এবং এর দায়িত্বশীল ব্যবহারে উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।
অভিভাবকগণ তাঁদের সন্তানদের যুক্ত করা অ্যাকাউন্ট পরিচালনা এবং নিরাপত্তা পছন্দসমূহ টিউন করতে সরাসরি OpenAI Help Center-এ ভিজিট করতে পারেন।

