প্রযুক্তি জগতের বহুল প্রতীক্ষিত অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন আল্ট্রা’ বাজারে উন্মোচনের আগেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিমিয়াম এই ফোল্ডেবল ডিভাইসের গড় বিক্রয়মূল্য (Average Selling Price) হতে পারে ২,৫৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা।
শুক্রবার আন্তর্জাতিক প্রযুক্তি সাময়িকী ম্যাশেবলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচন অনুষ্ঠানের আগেই ডিভাইসটির সম্ভাব্য দাম নিয়ে একাধিক তথ্য বিশ্লেষণ সামনে আসছে। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য অনুযায়ী ফোনটির প্রাথমিক দাম ২,০০০ ডলার বা ২,৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে এবং বেশি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম ৩,০০০ ডলার পর্যন্ত উঠতে পারে। উচ্চ মূল্য থাকা সত্ত্বেও ২০২৭ সালের শেষ নাগাদ অ্যাপল ১৭-মিলিয়ন (১ কোটি ৭০ লাখ) এর বেশি আইফোন আল্ট্রা বিক্রি করে ৪৫.৭ বিলিয়ন ডলার আয় করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইডিসি।
আইডিসির গবেষণা পরিচালক নাবিলা পোপালের মতে, ফোল্ডেবল স্মার্টফোনের বৈশ্বিক বাজারে অ্যাপলের এই প্রবেশ কেবল খাতের প্রবৃদ্ধিই ফিরিয়ে আনবে না, বরং বৈশ্বিক ফোল্ডেবল বাজারমূল্যের অর্ধেকেরও বেশি নিজেদের দখলে নিয়ে স্যামসাং ও হুয়াওয়ের একচ্ছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে। তবে ডিভাইসটির স্পেসিফিকেশন ও মূল্য সম্পর্কিত চূড়ান্ত তথ্য অ্যাপলের অফিশিয়াল ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।

