কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কোডিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম ‘কার্সার’ (Cursor)-এর অধিগ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন অ্যারোস্পেস প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX)। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে স্বাক্ষরিত এক চুক্তির ধারাবাহিকতায় প্রায় ৬০ বিলিয়ন ডলারের বিনিময়ে এ অধিগ্রহণ সম্পন্ন হলো।
এআই মডেল ট্রেইনিং ও সফটওয়্যার অটোমেশন ব্যবস্থার গতি বাড়িয়ে মাস্কের বিশাল কম্পিউটিং অবকাঠামোর সঙ্গে দেবলেপার টুলসগুলোর সমন্বয় সাধন করাই এই চুক্তির প্রধান উদ্দেশ্য।
কার্সারের পক্ষ থেকে তাদের নিজস্ব ব্লগে জানানো হয় যে, স্পেসএক্সের অংশে পরিণত হওয়ায় তারা বিশ্বের বৃহত্তম জিপিইউ ফ্লিট ব্যবহারের সুযোগ পাবে, যা কম খরচে আরও শক্তিশালী এআই মডেল তৈরিতে সাহায্য করবে। কার্সার উল্লেখ করে, “স্পেসএক্স বুদ্ধিমত্তাকে বহুগুণ বাড়িয়ে তোলার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা তৈরি করছে, আর কার্সার হবে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সেই বুদ্ধিমত্তা বাস্তব ব্যবহারে আসবে।”
চলতি বছরেই মাস্কের অপর এআই প্রতিষ্ঠান xAI-কে নিজের ছাতার নিচে নিয়ে এসেছিল স্পেসএক্স, এবং পরবর্তীতে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়। বর্তমানে তাদের ডেটাসেন্টার ও প্রযুক্তিগত অবকাঠামো এনথ্রোপিক (Anthropic) ও গুগল (Google)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছেও সরবরাহ করা হচ্ছে।
কার্সার স্পষ্ট করেছে যে, স্পেসএক্সের বিশাল নেটওয়ার্কে যুক্ত হলেও তাদের মূল লক্ষ্য পরিবর্তন হবে না—ডেভেলপারদের কোডিংয়ের জটিলতা কমিয়ে সমাধানমূলক কাজে বেশি সময় দেওয়ার সুযোগ করে দেওয়াই থাকবে তাদের প্রধান অগ্রাধিকার।

