দেশের সর্বজনীন ডিজিটাল পেমেন্ট অবকাঠামোয় যুক্ত হলো এক নতুন মাইলফলক। জাতীয় সমন্বিত পদ্ধতি ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোডের মাধ্যমে এখন থেকে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (Person-to-Person / P2P) অর্থ লেনদেন করা যাবে। অাজ থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে এই সেবা চালু করা হয়েছে।
এর ফলে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (MFS), এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (PSP) অ্যাপ ব্যবহার করে যেকোনো গ্রাহক অন্য গ্রাহকের ‘বাংলা কিউআর’ স্ক্যান করেই তাৎক্ষণিকভাবে অর্থ পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, আগে টাকা পাঠাতে প্রাপকের দীর্ঘ অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর টাইপ করতে হতো। এখন থেকে শুধু কিউআর কোড স্ক্যান করে প্রাপকের নাম ও তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নিরাপদে লেনদেন সম্পাদন করা যাবে।
দেশের সকল বাণিজ্যিক ব্যাংক, এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (PSP) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (PSO) গত ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ মোবাইল অ্যাপে এই সুবিধা যুক্ত করার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
২০২৩ সালে চালু হওয়া বাংলা কিউআরের অন্যতম মূল উদ্দেশ্য ২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদ টাকাবিহীন (Cashless) করা। এই লক্ষ্য বাস্তবায়নে এরই মধ্যে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রে কিউআর পেমেন্ট সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া, চলতি বছরের ৩০ জুনের মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবহৃত নিজস্ব কিউআরের বদলে একীভূত ‘বাংলা কিউআর’ ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

